
কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভাড়া বাসা থেকে সুমি আক্তার মীম (২৯) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে জালিয়াপালং ইউনিয়নের ইনানীর মো. শফির বিল এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে একটি ভোটার পরিচয়পত্র ও চাকরিসংক্রান্ত পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। এসব পরিচয়পত্রে পাওয়া তথ্য অনুযায়ী, নিহত সুমি আক্তার মীম ঢাকার উত্তর সিটি করপোরেশনের ফায়দাবাদ কাঠালতলা গ্রামের বাসিন্দা কামাল হোসেনের মেয়ে। তিনি স্থানীয় হোটেল সি পার্লের কর্মী ছিলেন। তবে পরিচয়পত্র দুটিতে থাকা তথ্য তাৎক্ষণিকভাবে নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্র জানায়, প্রায় পাঁচ মাস ধরে ওই এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন সুমি। বুধবার দুপুরে বাসায় তাঁর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোষ জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, সুমি আক্তার মীমের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যেতে পারে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, এক নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।